বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত দুজন সম্পর্কে বাবা-ছেলে। তারা মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামি।
রোববার (৩০ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মাইকেল (৪৫) ও তার ছেলে মো. আপন (২২)। সোমবার (৩০ আগস্ট) ভোর ৩টার দিকে ফতুল্লা থানাধীন নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় সজীব নামে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
র্যাব জানায়, পূর্বশত্রুতা এবং মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল ও তার ছেলে আপনসহ ১০ থেকে ১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সজীবের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত সজীবকে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সজীবের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ দল ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লায় অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

