বিজয় বার্তা ২৪ ডট কম
মাসিক আইনশৃঙ্খলা সভায় নারায়ণগঞ্জ শহরের যানজট মুক্ত করার লক্ষ্যে মালিক ও শ্রমিক সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।
রবিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর বলেন, মাদকে জর্জরিত হয়ে পড়েছে আমাদের যুব সমাজ। মাদক আজ এত বেশী সহজলভ্য হয়ে পড়েছে যে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। তাই যুব সমাজকে এই মরন নেশা মাদকের হাত থেকে রক্ষার্থে বেশী করে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জকে আমরা একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে মিলিত ভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের আরো একটি বড় সমস্যা যানজট। বিভিন্ন কারনে নগরীতে যানজটের সৃষ্টি হয়। ফুটপাত দখল, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ স্ট্যান্ড, স্থাপনা ও রিক্সার জন্য এমন যানজটের সৃষ্টি হয়। এসব বিষয়গুলো আমাদের ভালোভাবে মনিটরিং করতে হবে। একে অন্যকে দোষারোপ করে কোন লাভ হবেনা। কি ব্যবস্থা নিলে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া যাবে তা একত্রে বসে আলোচনা করতে হবে।
তিনি আরো বলেন, আরো একটি সমস্যা আমাদের সমাজে বিদ্যমান রয়েছে আর তা হল ভূমি দস্যুতা। যখনই ভূমির দাম বেড়ে যায় তখনই ভূমি দস্যুতা হয়। ১ বিঘা জমি কিনে ১০ বিঘা ভরাট করে দখল করে নেয়ার নামই ভূমি দস্যুতা। রুপগঞ্জের কায়েতপাড়া সহ জেলার বিভিন্ন স্থানে এমন ঘটনা অহরহ ঘটছে। এসব ভূমি দস্যুদেরকে প্রতিহত করে সাধারণ মানুষদের তাদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে হবে। এসময় তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারের কথা উল্লেখ করে বলেন, যে পরিমান অপরাধী গ্রেফতার হয় তার চাইতে অনেক ছোট আমাদের এই কারাগারটি। অনেক সময় বিনা অপরাধেও অনেকে দিনের পর দিন জেল খাটে। সেই সব ব্যক্তিরা যেন মুক্তি পায় তার ব্যবস্থা করতে হবে। কারন একজন মানুষ বিনা অপরাধে জেল খটবে তা হয়না। পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরী গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নারায়ণগঞ্জ জেলাটি দেশের অন্যতম একটি জেলা। এখানে মানুষের সংখ্যাও অনেক বেশী। তাই এই নগরীকে সন্ত্রাস, মাদক, যানজট, ভূমিদস্যুতা ও ইভটিজিং মুক্ত করতে হলে আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমাদের সন্তানদের স্বপ্ন দেখাতে হবে যাতে করে তারা বিপথগামী না হয়। বিদেশী নাগরিকরা যেন হুমকীর সম্মুখীন না হয় এবং তারা যেসব স্থানে বসবাস করছে সেসব স্থানগুলো মনিটরিং করা হচ্ছে।
তিনি আরো বলেন, যদিও বর্তমানে হলের সংখ্যা অনেক কমে গেছে তবুও চলমান হলগুলোতে অশ্লিল ছবিব প্রদর্শন করা হচ্ছে। হলগুলোতে বেশী করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা বেশী করে মোবাইল কোর্ট পরিচালনা করবো। কারন এখন ইউনিয়ন পর্যায়েও মাদকের ব্যাপক ছড়াছড়ি। নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য আমরা চাষাড়া থেকে খানপুর, নিতাইগঞ্জ ও পঞ্চবটি পর্যন্ত সড়কের দু’পাশের ভবন গুলো একই রকম রং করার জন্য বাড়ির মালিকদের অনুরোধ করবো। যা কিনা সারা বাংলাদেশে নজির স্থাপন করবে। সর্বোপরি আগামী ২৬ মার্চ আমরা একটি আনন্দঘন পরিবেশে স্বাধীনতা দিবস পালন করবো। এজন্য নগরীর সকল প্রতিষ্ঠানকে আলোকসজ্জা করতে করতে হবে। যদি কেউ না করে তাহলে ভাবতে হবে দেশের প্রতি তাদের কোন গুরুত্ব নেই।
সভায় যানজট নিরসন কল্পে জেলা ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, আটা-ময়দা মিল মালিকদের সাথেও আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ এর কর্মকর্তা মেজর মোঃ আশিক, চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, বিকেএমইএ’র পরিচালক হুমায়ুন কবীর খান শিল্পি, তারাবো পৌর মেয়র হাসিনা গাজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য আবুল জাহের, সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, এড. সুলতান উদ্দিন নান্নু, মাসুদুর রহমান মানিক, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, আব্দুল মতিন, হাজ্বী জয়নাল আবেদীন প্রমুখ।
