বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের জেহাদ ঘোষণায় সোচ্চার হয়ে উঠেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ। শামীম ওসমানের হুংকারের তোয়াক্কা না করে মাদক ব্যবসায়ীরা অলি গলিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা সক্রিয় থাকলেও থেমে নেই ছাত্রলীগের সৈনিকরা। তারই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৬টায় বন্দর শাহী মসজিদস্থ নূরবাগ এলাকায় জুয়েল (৩১) ও ইব্রাহিম (২৬) নামে দু’মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করে কুয়ালালামপুর ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান কবীর ও বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সানজিদ হোসেন শোভন সহ কয়েকজন।
এলাকাবাসী জানায়, বন্দর শাহী মসজিদ মৃত রোমান মিয়ার ছেলে জুয়েল ও একই এলাকার খায়রুল বাদশার ছেলে ইব্রাহিমসহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘ দিন ধরে জুয়েলের বাড়িতে অবস্থান করে মাদকের রমরমা বানিজ্য ও সেবনের আখড়া চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় রোববার ভোরে জুয়েল ও ইব্রাহিমসহ তাদের আরো ৬ সহযোগী ওই বাড়িতে বসে মাদকের আসর বসায়। খবর পেয়ে কুয়ালালামপুর ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান কবীর ও বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সানজিদ হোসেন শোভন সহ কয়েকজন ঘটনাস্থলে হানা দিয়ে জুয়েল ও ইব্রাহিমকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে রক্ষা পায় অন্য সহযোগীরা। পরে মাদক সেবীদ্ধয়কে উত্তম মধ্যম দিয়ে বন্দর ফাঁড়ি পুলিশের নিকট সোপর্দ করে।
উল্লেখিতদের আটক করে পুলিশে সোপর্দ করায় এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করছে। এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রায়হান ও শোভনের সক্রিয় ভূমিকার জন্য এলাকাবাসী তাদেরকে সাধুবাদ জানিয়েছে। তরুন ও যুব সমাজ রক্ষার মধ্য দিয়ে ছাত্রলীগ ক্রমান্বয়ে দেশের উন্নয়নে হাল ধরবে বলে তারা মনে করেন।

