বিজয় বার্তা ২৪ ডট কম
মধ্যরাতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মাওলানা আকরাম হোসেন। হঠাৎ বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে পড়ে একটি বালুবাহী ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পথচারী ও দোকানপাটে ধাক্কা দেওয়ার পর পেছনের চাকার নিচে পিষ্ট হন আকরাম হোসেন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিনসহ আরও তিনজন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূঁইগড় ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেনের বয়স ৫২ বছর। তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকায়। বাবার নাম আব্দুল মতিন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।
আহত ব্যক্তিরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪) এবং পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইনবোর্ড থেকে ভূঁইগড়ের দিকে আসছিল পুরোনো একটি খালি বালুবাহী ট্রাক। মধ্যরাতে ট্রাকটি বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন, দোকানপাট ও দুটি ভ্যানগাড়িতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। একপর্যায়ে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইমাম আকরাম হোসেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার নৈশকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ট্রাকের চাকার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের সাহায্যে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

