বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা চাঁদার ও মাটি বিক্রি কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সামাদ আলী ও হালিম আজাদ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শর্টগান দিয়ে গুলি ও টেঁটাবিদ্ধ, উভয়পক্ষের নারী সহ ২০জন আহত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলী সাথে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আসছিলো। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি, শ্রমিক সরবরাহ সহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সূত্রপাতে দু’গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ৫জনকে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

