বিজয় বার্তা ২৪ ডট কম
মুন্সিগঞ্জের চরমুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকা-ে শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী মালিকসহ সকলের শাস্তি ও নিহতদের আজীবন আয়ের সমান ৪৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির।
নেতৃবৃন্দ বলেন, মুন্সিগঞ্জের আইডিয়াল টেক্সটাইল মিল বেআইনীভাবে পাঁচতলা বিল্ডিং এ চালানো হচ্ছিল। এখানে বিকল্প সিড়ি ছিল না, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, প্রত্যেক ফ্লোরে পানির ব্যবস্থা ছিল না। টিনশেডের অনুমতি থাকলেও বিল্ডিয়ে কারখানা চালানোর সরকারী অনুমোদন ছিল না। আগুন লাগার পর এলাকার লোকজন সাহায্যের জন্য এলে তাদের কারখানায় ডুকতে দেয়া হয়নি। ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত হয়। পাশাপাশি স্থানে কেমিক্যাল ও কাপড় থাকায় এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মালিকের সীমাহীন মুনাফার লোভ এবং চরম দায়িত্বহীনতার কারণে এখানে শ্রমিকের জীবন বলি হয়েছে। এ ঘটনায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, অনুমোদনহীন অবস্থায় মালিক কিভাবে কারখানাটি এতদিন চালাল? সরকারের তরফ থেকে কেন ব্যবস্থা নেয়া হয়নি? আর কত মৃত্যু ঘটলে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হবে?
নেতৃবৃন্দ আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকা-ে শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী মালিক, সংশ্লিষ্ট সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলের সর্বোচ্চ শাস্তি ও নিহতদের আজীবন আয়ের সমান ৪৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করেন।
