বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে রাতে টহলরত নৌ-পুলিশের নৌযানের সাথে বাল্কহেডের সংঘর্ষে মহসিন সরদার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে বলে জানায় নৌ পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরী সামনে এ ঘটনা ঘটে। সে খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান জানান, রাতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেন ৪ কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহলকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে পিছন থেকে আসা অজ্ঞাত বাল্কহেডের সাথে সংঘর্ষ হয় এবং টহল নৌযানটি উল্টে যায়। সকলে সাঁতারে অন্য একটি বাল্কহেডে উঠেন। এসময় কনস্টেবল মহসিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

