বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জাসদের জেলা ও মহানগর কমিটিতে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তা প্রকাশ্যে এসেছে। চলতি সপ্তাহে জেলা ও মহানগর জাসদের আলাদা ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে এনিয়ে দলীয় অঙ্গনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত (২৬ অক্টোবর) শুক্রবার বিকেল ৪টায় চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে মহানগর জাসদ।সেদিন প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিরিন আখতার এমপি,জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার,যুগ্ম সাধারন সম্পাদক শওকত রায়হানসহ কেন্দ্রীয় ৪জন নেতা উপস্থিত ছিলেন।দাওয়াত পেয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারন সম্পাদক মোহর আলী চৌধুরীসহ তাদের অনুসারীরা। গতকাল মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ডিআইটি এলাকায় অবস্থিত জাসদ কার্যালয়ে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনের জন্য দলীয় প্রার্থীদের পরিচিতি সভার আয়োজন করে জেলা জাসদ। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কোন নেতার আগমন ঘটেনি। উপস্থিত হননি অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার,মাজহারুল ইসলাম মাজুসহ অনেকেই।মহানগর সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক মো: শাহজাহানকেও দেখা যায়নি অনুষ্ঠানে। তাছাড়া ৫প্রার্থীর মধ্যে রূপগঞ্জের জন্য নির্ধারিত জয়নাল আবেদীনসহ অনেক নেতাই উপস্থিত থাকেননি। তাছাড়া লোকজনের উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে। বেশ কিছু চেয়ার খালী থাকায় অনুষ্ঠানের সফলতা নিয়েতো প্রশ্ন থেকেই যায়। এমনকি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি কেকও কাটা হয়নি। ব্যানারে জাসদের দলীয় প্রতীক মশালের ছবিও ছিলনা।ফলে নারায়ণগঞ্জে জাসদের রাজনীতিতে বিভক্তি এখন একেবারেই স্পষ্ট।এনিয়ে দলের অভ্যন্তরে নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।##

