বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ২০৮ নারায়ণগঞ্জ-৫ এর আওতায় রয়েছে দুটি উপজেলা। যার মধ্যে বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ ও সদর উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রত্যেক ইউনিয়ন এলাকায় ৯টি ওয়ার্ডে নারী সদস্য সহ মোট ৮৪জন স্থানীয় জনপ্রতিনিধি। সেই সাথে রয়েছেন ৭জন ইউপি চেয়ারম্যান। এই আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছে এ.কে.এম সেলিম ওসমান।
সরকারী উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ায় ইতোমধ্যেই যিনি দানশীল এমপি হিসেবে নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
মঙ্গলবার ৩০ অক্টোবর শহরের চাষাঢ়ায় অবস্থিত রাইফেল ক্লাবে বিকেল সাড়ে ৫টায় সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ ঘন্টা সময় নিয়ে অনুষ্ঠিত হওয়া মতবিনিময় সভাটি সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ সমাপ্ত হয় । সভায় সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ৭টি ইউনিয়ন পরিষদ এলাকার ৮০জন ওয়ার্ড মেম্বার এবং ৭জন চেয়ারম্যান বৃন্দ।
দেশব্যাপী পরিচিতি পাওয়া এই সংসদ সদস্যকে তাঁর নির্বাচনী এলাকার আওতাধীন ইউনিয়ন পরিষদ এলাকার ৮৭জন জনপ্রতিনিধি সাফ জানিয়ে দিয়েছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তাঁকে আবারো নির্বাচনে অংশ নিতে হবেই। নারায়ণগঞ্জে আধুনিক শিক্ষাব্যবস্থার প্রবর্তন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিটি পরিবারে বেকারত্ব দূর করে আর্থিক স্বচ্ছলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নে সেলিম ওসমান ছাড়া অন্য কোন বিকল্প নাই। তাঁর বিকল্প একমাত্র তিনি নিজেই। তাই নির্বাচনে অংশ নিতে এমপি সেলিম ওসমানের আনুষ্ঠানিক ঘোষণার জন্য স্থানীয় মেম্বাররা আর ঘরে বসে থাকবেন না। এখন থেকেই তাঁরা নির্বাচনের মাঠে নামবেন বলে সাফ জানিয়ে দেন ইউপি মেম্বাররা।
মত বিনিময় সভায় মেম্বারগন এমপি সেলিম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, আমরা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারাই একমাত্র জনপ্রতিনিধি যারা এলাকার প্রতিটি সাধারণ মানুষের দরজায় নিয়মিত যাতায়াত থাকে। তাই মানুষের মুখে গত সাড়ে ৪ বছরে নারায়ণগঞ্জের উন্নয়নে আপনার কর্মকান্ডের প্রশংসা এবং তাদের হৃদয়ে আপনার স্থান পাওয়ার বিষয়টি আমরা স্পষ্ট দেখতে পাই। নারায়ণগঞ্জের মানুষ আপনার প্রতি আস্থাশীল। আগামীতে আপনার হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়ন আরো বহুদূর এগিয়ে যাবে। তাই কোন অবস্থাতেই আপনি স্থানীয় সকল জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে আশাহত করতে পারেন না।
যার উত্তরে এমপি সেলিম ওসমান বলেন, সংসদ সদস্য হিসেবে আমি একেবারেই নতুন ছিলাম। তাই বিগত দিনে যতটুকুই এলাকার উন্নয়ন করতে পেরেছি তাঁর মধ্যেও আমার অনেক ভুল ভ্রান্তি ছিলো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম সহ মোট ৬৩টি ওয়ার্ডের ৮৪জন মেম্বারগনদের মধ্যে ৮০জন মেম্বার উপস্থিত ছিলেন। অস্যুস্থতা এবং পারিবারিক কারনে ৪জন মেম্বার সভায় অনুপস্থিত ছিলেন।

