বিজয় বার্তা২৪ নিউজ ডেস্কঃ
বিস্ময় বালক থেকে মাস্টার ব্ল্যাস্টার। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ৪৪ বছরে পা রাখলেন আজ । শুভ জন্মদিন শচীন। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার।
স্কুল ক্রিকেটে রেকর্ড গড়া। নজরকাড়া পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা। এভাবে নিজেকে মেলে ধরায় জাতীয় দলেও অভিষেক হয় খুব অল্প বয়সেই। মাত্র ১৬ বছর বয়সে। অভিষেকের পর রীতিমতো আলো ছড়ান শচীন। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ভারত জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শচীন টেন্ডুলকার। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। অপূর্ণতা খুব একটা নেই। টেস্টে খেলেছেন ২০০ ম্যাচ। যা আর কোনো ব্যাটসম্যানের নামের পাশে নেই।
এদিকে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই শচীনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। টুইটার পেজে লিখেছে, ‘শুভ জন্মদিন, শচীন।’ আইপিএল টুইটবার্তায় শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছা জানিয়েছে, ‘মাস্টার, শুভ জন্মদিন। আপনি আমাদের সবার অনুপ্রেরণার উৎস।’
