বিজয় বার্তা ২৪ ডট কম
গত কয়েকদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৩নং ওয়ার্ডের সানারপাড়, বাঘমারা, নিমাইকাশারী, মাদানীনগর ও মুক্তিনগরসহ আশপাশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ডিএনডির পানি নিষ্কাশন খাল ভরাট, অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে ভারী বৃষ্টি হলেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃত্রিম বন্যায় রূপান্তরিত হয়। এতেই চরম ভোগান্তিতে পরতে হয় এসব এলাকার জনসাধারনকে। রাস্তা-ঘাট খারাপ হওয়ায় চলাচল করতে, স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদেরকে, সরকারী-বেসরকারী চাকরীজীবী এবং গৃহীনিদেরকে পানিবন্দী হয়ে বেকায়দায় পরতে হচ্ছে। এসব এলাকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করলেও জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এসে সহানুভুতিও দেখায়নি।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড এলাকার সানারপাড়, বাঘমারা, নিমাইকাশারী, মাদানীনগর ও মুক্তিনগরসহ আশপাশের কয়েকটি এলাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতায় রাস্তা-ঘাট, বাড়ী-ঘর, মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছে সর্বস্তরের হাজার হাজার মানুষ। রাস্তায়, মার্কেটে এবং বাড়ী-ঘরে ময়লা ও দুর্গন্দযুক্ত পানি প্রবেশ করায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। তাছাড়া এসব ময়লা ও দুর্গন্ধ যুক্ত ময়লা পানিতে যাতায়াত করে এলাকাবাসীকে অসুস্থ্য হয়ে পড়ার আশংকা করছে সচেতন মহল। দ্রুত পানি নিস্কাশনের দাবি কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসীর।
সানারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ সেলিম জানায়, সানারপাড় বাস ষ্ট্যান্ড থেকে মাদানীনগর পর্যন্ত প্রধান সড়কটির বেহাল দশার কারনে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এতে চরম ভোগান্তিতে পরতে হয় এই এলাকাসহ আশ-পাশের এলাকার লক্ষাধিক মানুষকে। জলাবদ্ধাতায় চরম ভোগান্তিতে থাকলেও নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের খোঁজ খবরও নেয়না।
ভুক্তভোগী হাজী মোস্তফা ভুঁইয়া জানায়, পর্যাপ্ত পরিমান ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও আশপাশের খাল ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তা-ঘাট এবং বাড়ী ঘর তলিয়ে যায়। আমাদেরকে অনেক কষ্ট করে চলাচল করতে হয়।
গৃহীনি রত্না বেগম জানায়, ডাইংয়ের কেমিক্যাল যুক্ত ময়লা পানির কারনে ঘর থেকে বের হতে পারছিনা। পানি নামলেই পায়ে চুলকানি শুরু হয়। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। তাই দ্রুত পানি নিস্কাশন করে আমাদেরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
