বিজয় বার্তা ২৪ ডট কম
সাংসদ সেলিম ওসমানের অমূলক আশঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে বৈধ ঘোষিত হয়েছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভির মনোনয়নপত্র। এর সাথে বিএনপি মনোনীত প্রার্থী এড.সাখাওয়াত হোসেন খানসহ মোট ৮ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেলেও বিএনপি‘র বিদ্রোহী প্রার্থী হিসাবে পরিচয় দেয়া এড.সুলতান মাহমুদের মনোনয়ন পত্রটি বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। এতে স্বস্তি পেয়েছেন সাখাওয়াত সমর্থকেরা। রবিববার সকাল ১১টায় নারায়নগঞ্জ ক্লাবে শুরু হওয়া যাচাই-বাছাইয়ের শেষদিনে এ ঘোষনা দেন। এ সময় সকল মেয়র প্রার্থী উপস্থিত থাকলেও ডা. সেলিনা হায়াৎ আইভি উপস্থিত ছিলেন না। ফলে নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৮ জন, সাধারন কাউন্সিলর পদে ১৬৩ এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৭ জনের মনোনয়ন বৈধতা পায়।
তৃনমূল নেতাদের পাঠানো তারিকা উপেক্ষা করে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড নাসিক নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেন। তাৎক্ষনিকভাবে জাতীয়পার্টি থেকে প্রার্থী মনোনয়ন দেয়ার চেষ্টা করে দলীয় এমপি একেএম সেলিম ওসমান। এ উদ্দেশ্যে নারায়নগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গনে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় এমপি সেলিম ওসমান বলেন, দল থেকে মনোনয়ন দেয়ার জন্যে ২৪ ঘন্টার মধ্যে তালিকা তৈরী করতে হবে। পরবর্তীতে শামীম ওসমান- আইভির বিরোধ মেটানোর জন্যে গনভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদও ঘোষনা দেন, জাতীয় পার্টি জেলা পর্যায়ে কোন নির্বাচন করবে না। এরপর পরই সেলিম ওসমানের মিশন ভেস্তে গেলে তিনি ঘোষনা পাল্টে বলেন, আওযামীলীগ জাতীয়পার্টিকে ৫ আসনের এমপি পদ সেক্রিফাইস করেছেন, তাই শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি কর্পোরেশনের মেয়র পদটিও আমরা সেক্রিফাইস করব। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আইভির মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে। যদি তার মনোনয়ন বাতিল হয়ে যায় তবে বিকল্প প্রার্থী দেবে স্থানীয় জাতীয় পার্টি। তবে পরবর্তীতে জাতীয় পার্টির পক্ষে কিংবা স্বতন্ত্র কোন প্রার্থী দেননি সেলিম ওসমান।
এ ছাড়াও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র প্রার্থী আইভির বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাংকে ঋন খেলাপি ও স্থায়ী বাসিন্দা হিসাবে উল্লেখ করে মনোনয়ন বৈধতা ঘোষনায় প্রতিবন্ধকতার অপচেষ্টা করেছেন কেউ কেউ।

