বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি। পার্টির নেতৃবৃন্দ এ ঘটনায় মহানগর আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক অ্যাডভোকেট মাহামুদা মালা সহ জড়িতদের সুষ্ঠু বিচারের জন্য আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে দোষীদের বিচারের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা উল্লেখ করেন।
বুধবার ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারের তৃতীয় তলায় রাত্রী কমিউনিটি সেন্টারে আগামী ৩১ জুলাই সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নির্মিত নাসিম ওসমান মডেল হাইস্কুলের উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
মত বিনিময় সভায় বক্তারা ৩১ জুলাই দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষ্যে তাদের করনীয় সম্পর্কে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দদের দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার উপস্থিতিতে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালার অশ্রাব্য গালাগালের তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে বক্তারা বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান, এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের মা শুধুই উনাদের মা নন। মরহুম নাগিনা জোহা একজন ভাষা সৈনিক, তিনি একজন রতœগর্ভা মা। উনাকে জড়িয়ে গালি দেওয়া মানে আমাদের প্রত্যেকের মাকে নিয়ে গালি দেওয়া। যে এমন জঘন্য ঘটনার জন্ম দিয়েছে সেই আবার দাবী করছে তার কন্ঠ নকল করা হয়েছে। মিডিয়ায় প্রকাশ হওয়া তার এ বক্তব্য ‘শাক দিয়ে মাছ ঢাকা ছাড়া আর কিছুই নয়। আমরা এ ঘটনায় সাথে জড়িতদের বিচার দাবী করছি। এ ব্যাপারে আমরা আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। আশা করছি উনার এর দৃষ্টান্ত মূলক বিচার করবেন। যদি এ ঘটনার বিচার আমরা না পাই তাহলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি বিচার আদায়ের দাবীতে ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর আন্দোলনে মাঠে নামবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডে উঠে আসে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের নাম। ওই কথোপকথনে দেলোয়ার হোসেন প্রধান বিস্ময় প্রকাশ করে বলেন, যে মহিলা আমার নির্বাচন নিয়ে কথা বলেছেন তাকে আমি ভালো ভাবে চিনিও না। আর আমার নির্বাচনে তার লোক কাজ করার কোন প্রশ্নই উঠে না। আমি ওই মহিলার এমন কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নারায়ণগঞ্জের গর্ব রতœগর্ভা মা নাগিনা জোহাকে জড়িয়ে যে অকথ্য ভাষা ব্যবহার করেছে এর জন্য আমি ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সভায় নেতৃবৃন্দদের বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে মাহমুদা মালার শাস্তি দাবী করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে বুধবারই দুবাই থেকে বাংলাদেশে ফিরেছেন নারায়ণঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। মতবিনিময় সভার খরব পেয়ে এমপি সেলিম ওসমান সাথে সাথে জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর মোবাইলে ফোন দিয়ে তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনা ফাঁস হয়েছে এটি কোন দলীয় বিষয় নয়। আপনারা সবাই শান্ত থাকবেন। আর আগামী ৩১ জুলাই ‘নাসিম ওসমান মডেল হাইস্কুল’ উদ্বোধন অনুষ্ঠানটি কোন দলের ব্যানারে আয়োজন করা হবে না। স্কুলটি নির্মাণে সকল দলের নেতাকর্মী সহ স্থানীয় সকলেই সহযোগীতা করেছেন। ঠিক তেমনি নির্দলীয় ভাবেই স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সেই সাথে ২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একই স্থানে দলীয় নেতাকর্মীদের ৩১ জুলাই কর্মসূচীর ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার জন্য আরেকটি মত বিনিময় সভার আয়োজন করেন।
মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু এর সভাপতিত্বে এবং মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন এর সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবুল খায়ের ভূইয়া, নারায়নগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জেলা জাতীয় পার্টি নেতা রোটারিয়ান গিয়াদ উদ্দিন চৌধুরী, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাবা, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক আলেয়া বেগম, শহর যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, জাপা নেতা মতিউর রহমান মুক্তি, ওসমান আলী লিটন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
