বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রীম নিট ওয়ার লিঃ নামের পোশাক কারখানার ১২৭ জন শ্রমিককে শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার ছাঁটাইকৃত ১০০ জন শ্রমিককে তাদের পাওনাদি বুঝিয়ে দেয়া হয়েছে। ২৭ জনের নামে মামলা থাকায় তারা পাওনাদি নিতে আসেনি।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সুপ্রীম নিট ওয়ার লিঃ কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করছে। এ কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, খাবার ও যাতায়াত ভাতা, টিফিন বিল বৃদ্ধির দাবিতে গত রবিবার ও সোমবার কর্মবিরতি পালন করে। এছাড়াও শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়। অপর দিকে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে সুপ্রীম নিট ওয়ার লিঃ কারখানায় এডমিন ইনর্চাজ আতাউর রহমান ২৭ শ্রমিকের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ফিরিয়ে আনতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সর্বশেষ শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে কর্তৃপক্ষ ১২৭ শ্রমিককে ছাঁটাই করেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছাঁটাইকৃত ১০০ জন শ্রমিককের পাওনাদি বুঝিয়ে দেয়া হয়।
এ বিষয়ে সুপ্রীম নিট ওয়্যার লিঃ কারখানার জিএম (এডমিন কম্পøায়েন্স) জাহাঙ্গীর হোসেন জানান, আমরা কিছু শ্রমিককে ছাঁটাই বলবনা টারমিনেট করেছি। নিয়ম অনুযায়ী তাদের সকল পাওনাদি পরিশোধ করা হয়েছে। যাদের নামে মামলা করা হয়েছে তারা কেউ পাওনাদি নিতে আসেনি। টারমিনেট করা শ্রমিকরা বিশঙ্খৃল আচরণ করেছে। তারা মারামারি ও ভাংচুর করেছে। এ কারণে তাদেরকে টারমিনেট করা হয়েছে।
শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ এর পরিচালক পুলিশ সুপার সানা শামীনুর রহমান জানান, সুপ্রীম নিট ওয়ার লিঃ খারখানায় শ্রমিকরা ঈদের আগে হালকা ভাংচুর ও মারামারি করেছে ও ঈদের পরেও কারখানায় ছোটখাটো ঘটনা ঘটেছে। এই দু’টি ঘটনার জের ধরে কর্তৃপক্ষ ১২৭ শ্রমিককে ছাঁটাই করেছে। নিয়ম অনুযায়ী তাদের সকল পাওনাদি বুঝিয়ে দেয়া হয়েছে। তবে শুনেছি ১৫ জন শ্রমিককের পাওনাদি এখনও বাকী আছে।
