বিজয় বার্তা ২৪ ডট কম
‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র চাই না’ এই শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা লেবার পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেবার পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান , প্রধান বক্তা বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিশেষ অতিথি হিসেব ছিলেন বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব মাহমুদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর ছাএদলের নেতা মুকিত মোস্তাকিন শিপলু প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইরান বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত আমাদের এই সুন্দরবন। এই বনে বাস করে রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হাজারো প্রজাতির প্রাণী। কিন্তু এই সরকার রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই সুন্দরবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ভোটারবিহীন অনির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে সীমাহীন দুর্নীতি করছে ও সুন্দরবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কয়লা ভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্র স্থাপনের জন্য সুন্দরবন ছাড়া দেশের ভিতরে অনেক জায়গা আছে কিন্তু সরকার সুন্দরবনকে বেছে নিয়েছেন। শুধুমাত্র ইন্ডিয়াকে খুশী করার জন্যই সরকার বাংলাদেশের সবচেয়ে বড় বন অঞ্চল সুন্দরবনের কাছে রামপাল বিদুৎ তৈরীর জন্য উঠে পড়ে লেগেছে। রামপালে সুন্দরবন ধ্বংসকারী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের তাবেদারী করছে। জনগণের দাবী উপেক্ষা করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রধানমন্ত্রীর বক্তব্য সার্বভৌমত্বেও জন্য অশুভনীয় সংকেত বলেও মন্তব্য করেন তিনি।

