বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি অনুমোদনহীন প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করে দুই ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে হাজী রজ্জব আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাব’ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কামাল হোসেন ও মায়া বেগমকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনো রিপোর্ট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত এসপি জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য অনুমোদনবিহীন হাসপাতাল ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান পরিচালনা করে দুই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কামাল হোসেন ব্যবস্থাপনা পরিচালক ও মায়া বেগম চেয়ারম্যান হিসেবে প্রায় দুই বছর ধরে কোনো সরকারি অনুমোদন না নিয়েই ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাব’ পরিচালনা করে আসছে। তাছাড়া তারা দীর্ঘদিন নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে উক্ত হাসপাতালে নিয়মিত রোগীও দেখে এবং বিভিন্ন ডাক্তারের নামে প্যাথোলজিক্যাল ও আল্ট্রাসনো রিপোর্ট তৈরি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে।
র্যাবের অভিযানিক দল ‘পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাব’ এর সরকারি অনুমোদন দেখতে চাইলে কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। হাসপাতালের এমডি মো. কামাল হোসেন ও চেয়ারম্যান মায়া বেগম পরষ্পর যোগসাজসে রোগী দেখে এবং বিভিন্ন অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
