বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোরের হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হৃদয় (৩০), সাব্বির (১৮), আল-আমিন (২০) ও জাহিদ (১৮) নামে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় ডিএনডি লেকের পাড়ে হৃদয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে রায়হানকে নারায়ণগঞ্জ খানপুর তিন’শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের বাবা সামিম খান বাদি হয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় হৃদয় গ্রুপের ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
সামিম খান জানান, তার ছেলে আব্দুল্লাহ খাঁন রায়হান তার সাথে এসি সার্ভিসিং এর কাজ শিখে। ঘটনার সময় তার বন্ধুদের সাথে ডিএনডি লেকের পাড়ে দাড়িয়ে মোবাইলে ফ্রি-ফায়ার গেইম খেলছিল। পূর্বের ঝগড়ার জের ধরে অভিযুক্তদের সাথে মারামারির এক পর্যায়ে তার ছেলের বুকে হৃদয় ছুরিকাঘাত করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় নিহতের পিতার থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

