বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর ২টায় ইপিজেডের অনন্ত এ্যাপারেলস কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। অগ্নিকান্ডের ঘটনায় আতংকিত হয়ে শ্রমিকরা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ১৫ জন শ্রমিক আহত হয়।
জানা যায়, আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস কারখানার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গেলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মন্ডলপাড়া এবং আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। নারায়নগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, কারখানাটির দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আতংকিত হয়ে রুমি, কনা পপি ও সেলিনাসহ ১৫ জন শ্রমিক আহত হয়েছে। কর্তৃপক্ষ কারখানাটি আজকের জন্য (রবিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ বিষয়ে অনন্ত এ্যাপারেলসের মানব সম্পদ বিভাগের ব্যাবস্থপক আরিফুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
