বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দায়েরকৃত বিস্ফোরক মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবসহ ১৪ ছাত্রদল নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
বৃহস্পতিবার ( ৩০ আগষ্ট ) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে সজিব সহ ১৪ ছাত্রদল নেতা-কর্মীকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ । আদালত শুনানি শেষে ১৪ জন কে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন ।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সোনারগাঁও থানার দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিব সহ ১৪ জন কে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে হাজির করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত শুনানি শেষে প্রত্যেকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন ।
আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এড. সরকার হুমায়ূন কবির, এড. জাকির হোসেন, এড. খোরশেদ আলম মোল্লা, এড. আব্দুর রহিম, এড. একেএম ওমর ফারুক নয়ন সহ অনেকেই ।
প্রসঙ্গত বুধবার (২৯ আগষ্ট) সকালে ঢাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সজিবকে। এর আগে মঙ্গলবার রাতে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মর্ডাণ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় ১৩ ছাত্রদল নেতাকর্মীকে।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ আগষ্ট) রাতে সোনাগাঁ থানার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত জাকারিয়া, সারোয়ার হিমেল, রুহুল আমিন রুবেল, মো: আ: হালিম, মোঃ বিল্লাল হোসেন, মো: ফরহাদ হোসেন, ওমর ফারুক ইকবাল, মো: খোরশেদ আলম, শাহাজ উদ্দিন, আবুল বাশার, মোজ্জাম্মেল হক , কাজী হিমেল, ইউনুস ও সাইদুরসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সোনারগাঁ থানার মামলা নং ৫৬ তারিখ ২৯-০৮-২০১৮। এ মামলায় গ্রেফতারকৃত ১৩ জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে প্রেরণ করা হলে আদালত আগামী ৩ সেপ্টেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে।
মামলার বাকী আসামিরা হলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মনির হোসেন, খন্দকার আবু জাফর, নজরুল ইসলাম টিটু, শামীম, আমানউল্লাহ আমান, খায়রুল ইসলাম সজীব, হাজী শাহ জাহান মেম্বার, নুরে ইয়াসিন নোবেল, হাজী সেলিম হক, মোমেন খান, আপেল, মজিবুর রহমান, হানিফ, সালাউদ্দিন সালু, হাবিবুর রহমান হবু, বজলুর রহমান, ফয়সাল আহমেদ, কাজী নুরুল, বিল্লালসহ অজ্ঞাত আরো ২০/৩০ জন।

