বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ পিরোজপুরে অবস্থিত বিথী ফ্যাশন লিঃ এর শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। বিথী ফ্যাশন লিঃ এর শ্রমিক শাহ আলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, বিসিক শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সাইদুর, বিথী ফ্যাশন লিঃ এর শ্রমিক জোৎস্না, আয়েশা, আল আমিন।
নেতৃবৃন্দ বলেন, বিথী ফ্যাশন লিঃ শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। বেতন না পেয়ে শ্রমিকরা বাসাভাড়া, দোকান বাকি পরিশোধ করতে না পেরে দিশেহারা। বাড়ির মালিক, দোকানদার শ্রমিকদের সাথে অকথ্য ব্যবহার করছে। শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবি করেন।

