বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে থানার যুগীপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে অল্পের জন্য পালিয়ে রক্ষা পেয়েছে মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়া। অভিযান পরিচালনাকারী সাব-ইন্সপেক্টর আব্দুল হাকিম জানান,লাঙ্গলবন্দ যুগীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার দীর্ঘ দিন ধরে ইয়াবা ও ফেন্সিডিলসহ নানা প্রকার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার দিবাগত রাত আড়াইটায় বিপুল পরিমাণ মাদক বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সাব-ইন্সপেক্টর হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা পালিয়ে গেলেও পুলিশ তার পিতা জামাল হোসেন ও মাতা মমতাজ বেগমকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তাদের হেফাজতে থাকাবস্থায় বস্তায় ভর্তি ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে।

