বিজয় বার্তা ২৪ ডট কম
সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে কৃতজ্ঞতা জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি এখন আর কারো জন্য অপেক্ষা করবো না। আমি একাই চলবো। আমার সাথে যদি কেউ আসতে চায় আসতে পারেন। আমরা যে যার মত উন্নয়নের জন্য কাজ করছি। শামীম ওসমান তার এলাকায় আগেও উন্নয়ন করছে এখনও ব্যাপক উন্নয়ন করছেন। আনোয়ার ভাই নতুন দায়িত্ব পেয়েছেন আশা রাখবো উনিও উন্নয়নের জন্য কাজ করবেন। আমি আমার ছোট বোন মেয়র আইভীকে ধন্যবাদ জানাই সে নির্বাচিত হওয়ার পর থেকে উন্নয়নের কথা বলে যাচ্ছে। কোন রাজনীতি নিয়ে সে তোয়াক্কা করে না। দিন দিন সে উন্নয়নের কথা বলছে এবং উন্নয়ন করছে। আশা করবো উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি অনুরোধ রাখবো উনি যদি নারায়ণগঞ্জের রাস্তাঘাট ড্রেন গুলোর যদি উন্নয়ন করা হয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। উনি যদি প্রয়োজন মনে করেন আমার সহযোগীতা নিবেন নয়তো উনি একাই করবেন। আমি বার বার আহবান রেখেছি। আমি আবারো বলবো আমরা সকল জনপ্রতিনিধি যদি এক টেবিলে বসতে পারি তাহলে বাংলাদেশের মধ্যে এই নারায়ণগঞ্জের মত আর একটি জেলাও হবে না। যেটা আমরা আগে ছিলাম প্রাচ্যেরডান্ডি। আমাদের মত বিত্তবান শহর আর একটাও হবে না। সবচেয়ে বিত্তবান শহর হবে নারায়ণগঞ্জ।
সোমবার ৩১ জানুয়ারী সকাল ১১টায় পুরান বন্দর নাসিম ওসমান মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আর বক্তব্যে আবারো আহবান রেখে বলেন, আমি আমার ছোট বোনের কাছে, প্রত্যেকটি সংসদ সদস্যের কাছে, প্রত্যেকটি উপজেলা চেয়ারম্যান ও প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে আমি আহবান রাখলাম প্রয়োজনে যদি আমাকে রাজনীতি থেকে চলে যেতে বলেন। আমি মুহুর্তের মধ্যে চলে যাবো। আমি রাজনীতিবিদ না। আপনারা শুধু বলেন আমরা একসাথে বসে কাজ করবো। আমাদের কাজ হবে ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করা। আমাদের কাজ হবে না জিন্দাবাদের জন্য। আমাদের কাজ হবেনা আমাদের উপার্জনের জন্য, অহংকারের জন্য। আমরা আর ঝগড়া করবো না। ঝগড়া না করে সকলে মিলে মিশে কাজ করে নারায়ণগঞ্জকে উন্নয়নে পথে নিয়ে যাবো। আমাদের শেষ নি:শ্বাস ত্যাগ করা পর্যন্ত ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করবো।
ভবিষ্যত প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়া করার পাশাপাশি, ক্রিড়াঙ্গনে, সাংস্কৃতিকাঙ্গনে দেশে নারায়ণগঞ্জের সুনাম বয়ে আনবে। আমি হয়তো তোমাদের কিছু দিতে পারবো না। আমায় লাশটা তোমাদের দিয়ে দিবো। আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই। যেমন আমার দাদা, বাবা, বড় ভাই মৃত্যুর পরও তোমাদের মাঝে বেঁচে আছে। যেমন করে বঙ্গবন্ধুকে হত্যা করেও বাংলাদেশের মানুষের মন থেকে তাকে মুঝতে পারেনি। এখন আমার লোভ হয়েছে সেই ভাবে তোমাদের মাঝে বেঁচে থাকার।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা(ইউএনও) মৌসুমী হাবিব, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দিন সাবা, রোটারিয়ান গিয়াসউদ্দিন চৌধুরী, হুমায়ন কবির মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

