বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর দলিল লিখক ও ভেন্ডার সমিতির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট। গত ১৫ ফেব্রুয়ারী আদালতের বিজ্ঞ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গত ৩১ জানুয়ারী তারিখে বন্দর সাব-রেজিস্ট্রি অফিসের নিযুক্ত সাব-রেজিস্টার স্মৃতি কণা দাস কর্তৃক বন্দর থানা দলিল লিখক ও ভেন্ডর সমিতির ৩ বছরের জন্য অনুমোদন করে জেলা সাব রেজিস্টারকে প্রেরিত অবহিতকরণপত্র ও উক্ত অনুমোদিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বন্দর থানা আ’লীগ নেতা ও বন্দর থানার সিনিয়র দলিল লিখক আব্দুল আজিজ দেওয়ান হাইকোর্টে চ্যালেঞ্জ করলে নানান বিচার বিশ্লেষণ করে সুপ্রীম কোর্টের অধীনস্থ হাইকোর্ট ডিভিশনের ২জন বিচারপতির বেঞ্চ চ্যালেঞ্জটি গ্রহণ করেন এবং সুপ্রীম কোর্টের আইনজীবী সেলিম আজাদ কর্তৃক স্বাক্ষরিত উক্ত রিটে আগামী ৬মাসের জন্য উক্ত কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞায় জারি করা হয়। এদিকে উক্ত সমিতির দলিল লিখক আব্দুল আজিজ দেওয়ানের সাথে কথা বলে জানা যায় যে, গত বছরের ২ নভেম্বর অত্র সমিতির নির্বাচন আয়োজনের জন্য দলিল লিখক গিয়াস উদ্দিন চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অদৃশ্য কারণে ৩ জানুয়ারী তিনি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করে নোটিশ দিলে পরদিন দলিল লিখকরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সেই দিনই ১শ’১০ জন ভোটারের মধ্যে ৬৫জন উপস্থিত থেকে সালাউদ্দিন দেওয়ানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। নতুন কমিটি আগামী ২০ফেব্রুয়ারী নির্বাচনের তারিখ চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফরম বিক্রি শুরু করে। এদিকে ৩০জানুয়ারী না’গঞ্জ-৫ আসনের এমপি আলহাজ্ব একেএম সেলিম ওসমানের লিখিত সুপারিশ নিয়ে গিয়াস উদ্দিন চৌধুরীকে সভাপতি ও হুমায়ুন কবির মৃধাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ৩ বৎসর মেয়াদে অনুমোদনের জন্য সাব-রেজিস্টার স্মৃতি কণা দাসের নিকট হুমায়ুন কবির মৃধা কর্তৃক আবেদনের প্রেক্ষিতে ঐদিনই সাব-রেজিস্টার তার অনুমোদন দেন এবং জেলা সাব রেজিস্টারকে অবহিতকরণপত্র প্রেরণ করেন। এদিকে উক্ত মনগড়া কমিটির কার্যক্রম বাতিলে হাইকোর্টের নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়লে দলিল লিখক ও ভেন্ডাররা গণমাধ্যমের কাছে সন্তোষ প্রকাশ করেন এবং অচিরেই নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ কমিটি গঠনের বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। তার পাশাপাশি দলিল লিখকদের এ কমিটি তাদের নিজস্ব বিষয় এবং এ ধরণের কমিটির অনুমোদনের কোন ক্ষমতা সাব-রেজিস্টারের আছে কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন তারা।
