বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে ১০ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ১২ মার্চ মনির হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
