বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মোহাম্মদ সোহাগের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফতুল্লা থানায় জমা থাকা তাঁর পিস্তল ও শটগান হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুহা তাবিল স্বাক্ষরিত ২৯ সেপ্টেম্বরের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে হলফনামা গ্রহণ করে সোহাগের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফতুল্লা থানায় জমা থাকা অস্ত্র হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, লাইসেন্সধারীর জমাকৃত অস্ত্র হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসনের নথি অনুযায়ী, সোহাগের পিস্তল লাইসেন্স নম্বর ৩৬৯/২০২২ এবং শটগান লাইসেন্স নম্বর ৬৬৯/২০২২। তাঁর এনপিবি পিস্তলের নম্বর ২২২৫১৬ এবং শটগানের নম্বর ২১-এএস২০০৯৫। অস্ত্র দুটি ২০২৪ সালের ৩১ আগস্ট ফতুল্লা থানায় জমা দেওয়া হয়েছিল।
আলহাজ মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।
বৈধ অস্ত্র ফেরত পাওয়ার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোহাগ বলেন, “সরকারি তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আমার বৈধ অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
