বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার ভলকানাইজ (বাতাসের ট্যাংকি) বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশে থাকা একটি কালো রঙের হাইয়েস গাড়ির সামনের দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় এক হোটেল কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিসমিল্লাহ হোটেলের মালিকের স্ত্রী জানান, রাস্তার অপর পাশে অবস্থিত একটি চাকার দোকানের ভলকানাইজ ট্যাংকি বিস্ফোরিত হলে এর তীব্রতায় তাদের হোটেলেও ক্ষয়ক্ষতি হয়। এ সময় হোটেলের কর্মচারী রবিউল (২২) মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আল-বারাকা হাসপাতালে ভর্তি করেন। আহত রবিউলের বাড়ি কুমিল্লা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বিসমিল্লাহ হোটেলের একটি সিমেন্টের খুঁটি ভেঙে চুরমার হয়ে যায়। এছাড়া চাকার দোকানসংলগ্ন তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং পাশে থাকা একটি কালো রঙের হাইয়েস গাড়ির সামনের দরজাও খুলে উড়ে যায়।
পুলিশ জানায়, চাকার দোকানের ভলকানাইজ ট্যাংকি বিস্ফোরণের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন শ্রমিক আহত হয়েছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
