বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে চাঁদা আদায়ের রশীদ ও জেহাদী বইসহ ফয়সাল(১৭) ও রাশেদুল(১৮) নামে ছাত্র শিবিরের ২ ক্যাডারকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ। বুধবার বিকেলে থানার সালেহনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল সালেহনগর এলাকার আবদুল জলিল মিয়ার ছেলে ও রাশেদুল একরামপুর ইস্পাহানী এলাকার জানে আলমের ছেলে। এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর অখিল চন্দ্র সরকার জানান, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল বুধবার বিকেল ৪টায় বন্দর থানা পুলিশের সহযোগিতায় সালেহনগর এলাকার আবদুল জলিল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির মালিকের মেয়েসহ ৪জনকে আটক করে। পরে যাচাই-বাছাই করে দু’জনকে ছেড়ে দেয়া হয় এবং ফয়সাল ও রাশেদুলকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদী বই এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদা আদায়ের ৩টি রশীদ বই ও বাংলাদেশ সংবিধান নামক ১টি বই উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃতদের জেলা গোয়েন্দা(ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের খবর পাওয়া গেছে।
