বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী আওয়ামীলীগের মিছিল করে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্য পুলিশের কাছে আসে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই পুলিশের একাধিক দল মহাসড়কের ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়।
তিনি বলেন, রাত ১০টার দিকে সাইনবোর্ডস্থ গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়কে গ্রেপ্তারকৃতদেরসহ আরও কয়েকজন জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিলে অধিকাংশই দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিল। মিছিল শুরু করার আগমুহূর্তেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম।

