বিজয় বার্তা ২৪ ডট কম
দুদকের কর্মকর্তা পরিচয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার কাপড় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজী করতে এসে এক ব্যক্তি গণপিটুনীর শিকার হয়েছেন। রোববার রাতে ফতুল্লার ওয়াবদাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমরান হোসেন হায়দার ফতুল্লার হাজীগঞ্জ এলাকার শাহআলমের ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ফতুল্লার ওয়াবদাপুল এলাকার মালেক সরকারের ছেলে গার্মেন্টের কাপড় ব্যবসায়ী নাজির সরকারের কাছে প্রায় সময় ইমরান হোসেন হায়দার নিজেকে দুদকের এএসআই পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করতেন। নাজির সরকারের কাছ থেকে ২০ হাজার টাকাও নেন তিনি।
পরে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে দুদক কার্যালয়ে যোগাযোগ করে জেনেছেন ইমরান হোসেন হায়দার নামে দুদকের কোনো কর্মকর্তা নেই। পরে আবারো চাঁদা নিতে আসলে এলাকাবাসী ইমরান হোসেন হায়দারকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইমরান হোসেন হায়দারকে গ্রেফতার করেন।
তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

