বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক যুগের চিন্তা পত্রিকা’র ডিক্লেয়ারেশন (প্রামাণিকরন) বাতিল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানব বন্ধন পালন করা হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কাছে তথ্য সচিব বরাবর স্মরকলিপি প্রদান করেন।
এসময় বক্তারা দৈনিক যুগের চিন্তা বন্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পত্রিকাটি খুলে দেওয়ার দাবি জানান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভুঁইয়া শামীম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কবি হালিম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক যুগের চিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এজাজ কুরেশী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, দৈনিক সংবাদচর্চা সম্পাদক ও প্রকাশক মুন্না খান, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জাল হোসেন, অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি রাসেল আদিত্যে বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে নারায়ণগঞ্জের বিভিন্ন পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

