বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, অনেক ছাড় দিয়েছি আর নয়। এতো দিন ছাড় দেয়ার অর্ডার ছিল তাই দিছি। এখন ছাড় না দেয়ার অর্ডার পাইছি এখন আর ছাড় নয়। এতোদিন ছাড় দিয়ে দেখেছি অনেক চামচিকা পাখি হতে চায়। আর কোন চামচিকাকে পাখি হবার সুযোগ দিবো না। এবার লড়াই হবে।
সোমবার (১৯ মার্চ) বিকেলে বাংলাভবনে এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ শামীম ওসমান আরো বলেন, আমার পরিস্কার কথা। স্বাধীনতা বিরোধীদের মাঠে নামতে দিবো না। আপনারা আমাকে মারবেন মারেন, কিন্তু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে নিয়ে কথা বললে কোন ছাড় নয়।
সাংসদ তৃনমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দলের সাধারণ কর্মীদের চাওয়া-পাওয়ার কিছুই নেই। তারা শুধু নেতাদের একটু ডাক খোঁজ চায়। তাই নির্বাচনী কেন্দ্র কমিটিতে প্রকৃত কর্মীদের নাম, ঠিকানা, ভোটার আইডিসহ পূর্নাঙ্গ বৃত্তান্ত দিতে হবে। কিন্তু একজন আওয়ামীলীগ করবে, আর পরিবারের অন্যরা অন্য দলের রাজনীতি করবে, এমন ধরনের নেতাকর্মী নিয়ে আমি রাজনীতি করতে চাই না।
তিনি আরো বলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল ও সাধারন সম্পাদক শওকত ভাই যেভাবে থানা আওয়ামীলীগসহ তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রেখেছেন, তা দলের জন্য আগামী নির্বাচনে বড় কাজে আসবে। আমি নির্বাচন করি বা নাই করি, শেখ হাসিনাকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় আনতেই হবে।’
বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এম সাইফুল্লাহ বাদল, সাধারন সম্পাদক হাজী এম শওকত আলী, কৃষকলীগ জেলা সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক এম এ মান্নান প্রমুখ।

