বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার কাশীপুরে দিনের বেলা প্রকাশ্যে বিদ্যুতের খুঁটি চুরি করার সময় দুইজনকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। এর আগে ঐ এলাকার প্রায় ছয়টি বিদ্যুতের খুঁটি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। জানাগেছে, শনিবার সকালে ফতুল্লার কাশীপুরের বাগ এলাকার মোহাম্মদ আলীর বাড়ি পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির খুলে নিয়ে যাচ্ছিল বেশ কয়েকজন ব্যক্তি। এসময় স্থানীয়রা ফতুল্লা থানা পুলিশকে খবর দিলে সোরহাব হোসেন বাবু ও রতন নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়রা জানায়, কয়েকজন নেতার শেল্টারে এরা প্রকাশ্যে সরকারি মালামাল লুটে নিয়ে যাচ্ছে। এর আগে আরো অকেক গুলো খুঁটি চুরি করে নিয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই সরকারি মালামাল চুরি করতে বিন্দু পরিমান ভয় পাচ্ছেনা চোরেরা।
স্থানীয় জলিলের মা জানায়, এলাকার আওয়ামীলীগ নেতা জুয়েল প্রধান ও রাজু প্রধানের শেল্টারেই আগের খুঁটি গুলো চুরি করা হয়েছে। জানাগেছে, জুয়েল প্রধান ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা যুবশ্রমিকলীগ নেতা এবং রাজু প্রধান ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এই দুই রত্ন ঐক্যবদ্ধ হয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীদেরও তাদের সাথে দেখা যায়। এব্যাপারে জুয়েল প্রধানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

