বিজয় বার্তা ২৪ ডট কম
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচিতে বাধা এবং সমাবেশ করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলে বাধা এবং ৭ জানুয়ারি বিএনপির পূর্বঘোষিত সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রোববার সারা দেশের জেলায় জেলায় এবং প্রতিটি মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, পুলিশ দিয়ে বিএনপিকে থামিয়ে রাখা সম্ভব না। আগামীকাল রোববার যেকোনো মূল্যে আমরা বিক্ষোভ করবো। পুলিশ বাঁধা দিলে তার জবাবও দিতে চাই। জনগণ আমাদের সঙ্গে আছে। গণজোয়ারের সামনে পুলিশের বাঁধা টিকবে না।
