বিজয় বার্তা ২৪ ডট কম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের উপরে অনেকগুলো দল, বিশেষ করে দুই-একটি দল প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তারা এখন ভাবছেন নির্বাচনের দরকার কী, আমরা তো ক্ষমতায় আছি। ক্ষমতার ভালোই ভাগ পাচ্ছি”।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটিই এখন একসূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু অনেকেই নির্বাচন বানচাল করতে চান।”
তিনি আরও বলেন, “তারা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে গিয়ে বুঝতে পারছেন না যে, নির্বাচন যথার্থভাবে অনুষ্ঠিত না হলে, সংকট ঘনিভূত হবে। অর্থনীতিতে এবং ভূ-রাজনৈতিক যে বাস্তবতা, তাতে আমরা একটা মহাবিপদের মুখে পড়বো।”
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের দলটির জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
সমাবেশের আগে শহরের খানপুর এলাকা থেকে মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। দলীয় প্রতীক ‘মাথাল’ নিয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে গিয়ে মিছিল শেষ করেন।

