বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ফতুল্লার মুসলিম নগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার পিতা কামাল (৫৫) এবং চাচা জামাল (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে তালহা শেখ সাবেক এমপি শামীম ওসমানের ছেলের অয়ন ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটকৃকৃত তালহা শেখ ছাত্র আন্দোলন দমাতে জড়িত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। শেখ হাসিনা সরকারের শাসনামলে আটককৃত তালহা শেখ ও পরিবারের সদস্যরা স্থানীয় মহলে প্রভাব বিস্তার করতেন।
ঘটনার পর উত্তেজিত জনতা তালহা ও তার স্বজনদের আটক করে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়রা তিনজনকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
