বিজয় বার্তা ২৪ ডট কম
আলোচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান স্ব পরিবার সহ দেশেই রয়েছেন। সামাজিক মাধ্যমে তার দেশ ত্যাগের বিষয়টি গুজব ছড়িয়েছে। শনিবার (৩ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে অয়ন ওসমান।
এর আগে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেইজ, গ্রুপ ও একটি নাম সর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল থেকে তার দেশ ত্যাগের গুজবটি ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন।
এ ব্যাপারে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তার ফেসবুক একাউন্টে ভিডিও বার্তায় জানান, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে তিনি। তিনি আরও বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’
পরে শনিবার পৌনে তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামীম ওসমান। সেখানে তিনি আওয়ামীলীগের নেতৃবৃন্দের বলেন, খেলা হবে।
আর সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি দেশেই আছি।
গত ৩০ জুলাই নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে শামীম ওসমান বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’
তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন।’ দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলি-গলি পাহারায় বসতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি বের হতে না পারে।’

