বিজয় বার্তা ২৪ ডট কম
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক মুখ্য নয়। ব্যক্তি ইমেজ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিসে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তার বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক মুখ্য নয়। ব্যক্তি ইমেজ গুরুত্বপূর্ণ। তাই বিএনপির প্রতীক নিয়ে আমার মাথাব্যথা নেই।’ তিনি আরো জানান, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচনের আচরণ বিধি মেনেই নির্বাচনী প্রচারণা শুরু করবো। নির্বাচনে শক্ত প্রার্থী না হলে নির্বাচনের ইমেজ থাকে না। তৈমূর কাকা নির্বাচনে অংশ নিচ্ছে, তাকে স্বাগত জানাই।
এদিকে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তন প্রাঙ্গনে ১৪ দলের সভায় সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’ এবারের নির্বাচনী স্লোগান প্রকাশ করেন আইভী।এবার নির্বাচনে এই স্লোগান নিয়ে মাঠে নামবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ।
এসময় আইভী বলেন, ‘২০১১ সালে আমি যখন মেয়র প্রার্থী হই তখন এ ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দেন ও আমার পক্ষে কাজ করেন। তখন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান ও স্লোগান দিয়েছিলাম ‘নয় শঙ্কা নয় ভয় শহর হবে শান্তিময়’। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খালসহ অনেক কিছুই করছি। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারো উন্নয়নের সুযোগ দেবেন।

