বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া বিএনপি কৌশল বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মেয়র পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তৈমুর।
বেলা সোয়া ১১টায় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে তৈমুর আলম খন্দকার আরও বলেন, বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতি দলের পূর্ণ সমর্থন রয়েছে।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সাধারণ সম্পাদক এ টি এম কামাল মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা জমা দেননি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) এই নির্বাচন জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষার নির্বাচন। আমরা আশা করি উৎসবপূর্ণ পরিবেশে স্বচ্ছতার সঙ্গে সরকার নির্বাচন পরিচালনা করবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।
একাধিক বিএনপি প্রার্থী প্রসঙ্গে তৈমুর বলেন, আমরা সবাই একসঙ্গে আছি। একজন প্রার্থী কামাল নিজেই এখানে আছে। আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করছি। এখন পর্যন্ত বিএনপির একমাত্র আমিই মনোনয়নপত্র জমা দিয়েছি। মহানগরের নেতারা যারা আছেন এবং উপজেলার সেক্রেটারি বন্দর থানার প্রেসিডেন্ট সবাই আমার সঙ্গে আছে।
তিনি বলেন, আপনারা জানেন দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি আছি। বিএনপির ওপর যে জুলুম-অত্যাচার নির্যাতন চলছে, দেশনেত্রীর চিকিৎসা হচ্ছে না। তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো দরকার। সেটা সরকার করছে না। আমরা দেখেছি নির্বাচন সুষ্ঠু হয় না, লুটপাটের নির্বাচন হয়। সিল মারার নির্বাচন হয়, আগের রাতেই ব্যালট বাক্স ভরে যায়। এসবের প্রতিবাদে আমাদের এ নির্বাচন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহর হতে হবে বায়ু দূষণ ও জলাবদ্ধতামুক্ত শহর। এ শহরে মানুষ নিরাপদে চলাচল করবে, রাস্তা হবে পরিষ্কার। সব নাগরিক সুবিধা নগরবাসী পাবে। আমরা ২০০২ সালে যে প্রস্তাব দিয়েছিলাম সে প্রস্তাবের ভিত্তিতে আমরা একটি সুন্দর সিটি করপোরেশন হিসেবে নারায়ণগঞ্জকে তৈরি করতে চাই।

