নারায়ণগঞ্জের খানপুর এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে এসে তার স্বজনদের প্রহারে প্রেমিক যুবক খুন হয়েছে। বুধবার রাতে শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল (১৯) সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এনায়েত নগর এলাকার নুরুজ্জামানের ছেলে। সে পেশায় একজন এসি মিস্ত্রী।
নিহতের স্বজনরা জানান, খানপুর ব্রাঞ্চ রোডের সামিয়া নামে এক স্কুল ছাত্রীর সাথে ফয়সালের দীর্ঘদিনের প্রেম ছিল। আজকে বিকেলে বাসা থেকে বের হয়ে সামিয়ার সাথে দেখা করতে আসে ফয়সাল। পরে সামিয়ার স্বজনরা তাকে মারধর করার পর খানপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ফয়সাল নামে এক যুবককে প্রেম গঠিত কারনে প্রেমিকার স্বজনরা তাকে পিটিয়ে হত্যা করে বলে ধারনা করা যাচ্ছে। এ ঘটনায় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

