বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের এই মাঠটা চাই। এই খেলার মাঠটা রক্ষা করার জন্য আমাদের সাথে যে খেলোয়াররা পাশে এসে দাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, এই আলীগঞ্জের খেলার মাঠ যেন হারিয়ে না যায়।
শনিবার (১৫ জুন) সন্ধ্যায় ফতুল্লার আলীগঞ্জ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলীগঞ্জ মাঠ রক্ষার দাবিকে সমর্থন জানিয়ে মেয়র আরো বলেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য যায়নি। আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন খেলাপ্রেমী মানুষ। তিনি যতবার ক্ষমতায় এসেছেন আমাদের খেলাধুলার সেক্টরে আমুল পরিবর্তন এনেছেন। ওনাকে কেউ ভুল বুঝাচ্ছে। উনি যদি একবার এই মাঠে এসে বুড়িগঙ্গার পাড়ের এই মনোরম পরিবেশ দেখতে পান তাহলে উনি এই মাঠে আর বিল্ডিং হতে দিবে না। অব্যশই বিল্ডিং হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, পৌরসভা ৯ একর জায়গা দিয়েছিল ওসমানী স্টেডিয়ামকে। তার ৪ একর জায়গা আপনি দখল করে নিজের বাবার নাম দিয়েছেন। আপনি বলুন, আমরা আপনার বাবার নামে স্টেডিয়াম করে দেবো। আপনার বাবার নামে সড়ক করে দিয়েছি কোনো কার্পন্য করিনি। আপনি চান, দেবো। কিন্তু দখল করবেন কেন? দখলের স্বভাবটা বন্ধ করুন। নারায়ণগঞ্জকে দখল করতে তো পারেননি, পারবেন না। আপনি অনেকবার এ মাঠে এসেছন জনগণকে কথা দিয়েছেন এই মাঠ রক্ষা করার। তাই আমি বলবো আপনি আলীগঞ্জে আসুন, আপনি যেকথা দিয়েছিলেন সেই কথা রক্ষা করুন এবং জনগণের পাশে থাকুন।
তিনি বলেন, আপনি তিন তিন বারের এমপি তাহলে কেনো এখান থেকে খেলার মাঠ চলে যাবে? কেনো আপনার দিক নিদের্শনায় এইখানে সরকারি ভবন হবে? সরকারি ভবন হওয়ার জন্য অনেক জায়গা আছে আপনি তা জানেন। আপনি সেই জায়গার মধ্যে ভবন করুন। আপনি এখানে আসেন জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে এই মাঠকে রক্ষা করুন এটা আমি আপনার কাছে অনুরোধ করলাম।
আলীগঞ্জ মাঠ রক্ষার্থে প্রশাসনের সহযোগীতা চেয়ে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি এসপি সাহেবকে অনুরোধ করবো, আপনি আসার পর জনসাধারণের জন্য বেশ কিছু কাজ করেছেন। আপনি ওই রক্ত চোখকে উপেক্ষা করে অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকবেন। আপনি আপনার পুলিশ বাহিনী দিয়ে সাধারণ জনগণ, শিক্ষার্থী, শ্রমিকদের পিটাবেন না। তাদের পাশে দাঁড়াবেন। মাঠ রক্ষার আন্দোলনে আপনারও ভূমিকা থাকতে হবে। নেতা যত বড়ই হোকনা কেন, পৃতিবীর ইতিহাসে কোথাও নেই নেতা জনগণের বিরুদ্ধে গিয়ে জিততে পেরেছে।
এ সময় জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ পলাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু সহ অন্যান্যরা।

