বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকায় নিজ বাড়ি থেকে একটি দো-নলা বন্দুক ও কয়েকটি গুলির খোসাসহ তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে জেলা এসপি মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৫ এপ্রিল এনায়েত উল্লাহ আবাসীর নেতৃত্বে পাঠানটুলী এলাকায় এইচ এন এ্যাপারেলস নামে একটি গার্মেন্টস কারখানার দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হামলা, ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ ওই রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এতে নেয়ামত উল্লাহ আবাসীকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড়শ’ জনকে আসামি করা হয়।
এ মামলায় পুলিশ পরদিন চার আসামিকে গ্রেফতার করলেও নেয়ামত উল্লাহ আব্বাসীসহ অন্যরা আত্মগোপনে ছিল। এ ঘটনার পরদিন রিভলবার হাতে ও সঙ্গে এস এমজি নিয়ে জঙ্গি আদলে তোলা এনায়েত উল্লাহ আব্বাসীর একটি ছবি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ভাইরাল হলে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এরপরই এনায়েত উল্লাহ আব্বাসী আইনশৃংখলা বাহিনীর নজরে আসেন।
এসপি আরো জানান, জঙ্গি আদলে তোলা ছবিটির কারণে গ্রেফতার নেয়ামতউল্লাহ আবাসীর চালচলন ও গতিবিধি নিয়ে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহ সৃষ্টি হয়েছে। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে বাস্তবে তার সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত গুলির খোসাগুলো কোথায় ব্যবহৃত হয়েছে এবং কি উদ্দেশ্যে তিনি অস্ত্র হাতে জঙ্গি স্টাইলে ছবি তুলে ফেসবুকে প্রচার করেছেন সে বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রেফতারের পর নেয়ামত উল্লাহ আব্বাসীকে জিজ্ঞাসাবাদসহ তার বিষয়ে তদন্ত চলছে।

