বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে “শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭” দিয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সহযোগীতায় ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে গতকাল সোমবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে “বিজয়ের ৪৬ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে “শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০১৭” প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মান্নান খান। সমাজ সেবায় অবদান রাখার ফলে এই অ্যাওয়ার্ড পেয়ে সমগ্র জাতির কাছে নারায়ণগঞ্জ এর সম্মান বৃদ্ধি করলেন আব্দুল করিম বাবু। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মান্নান খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহে আলম মুরাদ।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মান্নান খান বলেন, যে দেশে গুণীদের সম্মান করা হয় না, সে দেশের গুণীরা তাদের কাজের উৎসাহ হারিয়ে ফেলেন। আমাদের দেশে অনেক গুণী মানুষ রয়েছেন। তাঁরা বিভিন্নভাবে নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। এভাবে মাঝে মাঝে তাদেরকে সম্মাননা জানানো দরকার। কাজের স্বীকৃতি দিলে তাদের কাজের গতি বেড়ে যাবে। না দিলে উৎসাহ হারিয়ে যায়। তিনি আরো বলেন, এ পৃথিবীতে সব কিছুই মানুষ কেড়ে নিতে পারে। কিন্তু একটা জিনিস কেউ নিতে পারে না। সেটা হলো জ্ঞান। এই জ্ঞান অর্জন করতে হয়।
অনুষ্ঠানে আব্দুল করিম বাবু বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রতি আমি কৃতজ্ঞ। এত সকল গুনীজনদের মাঝে আমাকে সম্মাননা দেয়ায় সত্যিই আমি অনেক আনন্দিত। আমি সবসময় চেষ্টা করি যাতে মানুষের জন্য কিছু করতে পারি, আজ এই অ্যাওয়ার্ড পাওয়ার ফলে জনসেবায় আমার দায়িত্ব আরো কয়েকগুণ বেড়ে গেলো। ভষিষ্যতেও আমি যাতে জনগনের সেবায় নিয়োজিত থাকতে পারি সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
