বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবার শামীম-আইভি বলয় দৃশ্যমান হতে চলেছে। আর এ নিয়ে সিদ্ধিরগঞ্জে ব্যাপক আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের থেকে শুরু করে সাধারন মানুষের মনে এ নিয়ে কৌতুহলের শেষ নেই। সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বর্তমানে দুইভাগে বিভক্ত হয়ে নিজেদের বলয়ে নতুন কমিটি গড়তে মরিয়া। নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকা এ নিয়ে বেশ রসাত্মক এক প্রতিবেদনে বলেছে সদ্য আওয়ামী লীগে যোগদানকারি আব্দুল মতিন প্রধানকে সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমান মতিকে নিয়ে নারায়ণগঞ্জের একটি মেরু সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটি করতে পারে। অপরদিকে সূত্র বলছে, বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেণুকে সভাপতি এবং বর্তমান সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়াকে সাধারন সম্পাদক পদে নারায়ণগঞ্জের আরেকটি মেরু নতুন কমিটি গঠন করতে তৎপর। নারায়ণগঞ্জের উত্তর মেরু আর দক্ষিন মেরুর কোন মেরুতেই বর্তমান সভাপতি মজিবুর রহমানের নাম শোনা যাচ্ছে না। সিদ্ধিরগঞ্জের মাঠপর্যায়ের নেতাকর্মীরা এ নিয়ে দফায় দফায় বৈঠক করছে। কি হতে যাচ্ছে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগে। পত্রিকাটি বলছে, মতিন প্রধান ও মতিউর রহমান মতির কমিটি এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু একাধিক মাঠপর্যায়ের নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের জেলা কমিটি থেকে শুরু করে মহনগর, থানা, উপজেলা ও ওয়ার্ড কোন কমিটিই একটি মেরুর দখলে নেই। প্রতিটি কমিটি আটকে আছে দুই মেরুর কেন্দ্রভিত্তিক লবিংয়ের কারনে। এ কমিটিও দুই মেরুর লবিংয়ের আনাগোনা দেখা যাচ্ছে। দুইটি বলয়ের নেতাকর্মীরা সকাল সন্ধ্যা রুদ্ধদার গোপন বৈঠক করছেন বলে মাঠপর্যায়ের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছে। পত্রিকাটি রীতিমত শামীম ওসমানের বরাত দিয়ে বলেছে, বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সাথে সাংসদের সম্পর্ক তেমন ভাল যাচ্ছে না। সম্পর্কের অবনতির কারনে তিনি মজিবুরের বদলে তার মামা শ্বশুর মতিন প্রধানকে এবং মতিউর রহমান মতিকে নিয়ে কমিটি করবেন। তাছাড়া মতিন প্রধানের সমালোচনা করে পত্রিকাটি বলে তিনি দলবদল করেছেন অন্তন কয়েকবার। তাছাড়া সুবিধামত বিভিন্ন পদপদবীও ব্যবহার করেছেন কয়েকবার। তবে সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জে রিয়াজ উদ্দিন রেণু মেয়র আইভি একনিষ্ঠ সেনাপতি একথা রাজনীতির মাঠে নবীন প্রবীন সকলেরই জানা। তাছাড়া ইয়াসিন মিয়াও প্রকাশ্যে আইভির সাথে তার সম্পর্ক রয়েছে এ স্বীকার করে থাকেন। তবে মাঠপর্যায়ের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জে মেয়র আইভি বলয়কে দৃশ্যমানই বলছেন।
