বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কেন্দ্রিয় নেতাদের সামনেই ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন ছাত্রদল কর্মী আহত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় আমলাপাড়া হোসিয়ারী সমিতির সামনে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আকাশ, শাহ আলম, লিখন চাঁন, মনির, রুবেল, রমজান এর নাম জানা গেছে। এদের মধ্যে আকাশের অবস্থা গুরুতর বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে হোসিয়ারী সমিতিতে আয়োজিত মহানগর বিএনপি সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আগে থেকেই মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা গেইট আটকে রাখে। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব সমর্থিত নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগদান করতে গেলে আশার লোকজন তাদের বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতারা বের হয়ে গেলে মিলনায়তনের বাইরে আবারো লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় আশা গ্রুপ লাঠিসোটা নিয়ে আবারও রাজিব গ্রুপের উপর হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করে। এ সময় আকাশ সহ দশজন ছাত্রদল কর্মী আহত হয়। এ সময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুই গ্রুপকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতির বেগতিক দেখে লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভার প্রাপ্ত সভাপতি এলভার্ট ডি কস্টা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এজমল হোসেন পাইলট, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, সহ সভাপতি এড. জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্ববায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু , দপ্তর সম্পাদক মোঃ হান্নান সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম শোভন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, শাহেদ আহমেদ সহ অনেকেই ।
