বিজয় বার্তা২৪ ডটকমঃ
বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ।
এরপর গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন বিএনপি নির্বাচন ঠেকাতে ও সরকার পতনের জন্য আগুন দিয়ে কিভাবে মানুষ পুড়িয়ে মেরেছে তা বিশ্ববাসীর জানা দরকার। আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি।
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন ধর্মের নামে নিরীহ মানুষকে হত্যা করা সহ্য করা হবে না। জঙ্গিবাদ দমনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান শেখ হাসিনা।
ভিয়েনায় “আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কারিগরি সহযোগিতা কর্মসূচি ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান” শীর্ষক সম্মেলনে আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের জোরাল অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

