বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে অবস্থিত রপ্তানিমুখী প্রতিষ্ঠান ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড নিয়ে সৃষ্ট শ্রমিক অসন্তোষের অবসান ঘটেছে। বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সহ বিকেএমইএ এর নেতৃবৃন্দদের ত্রিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান দেওয়া হয়। আলোচনা অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারী মালিকপক্ষ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করবেন। ততক্ষন পর্যন্ত শ্রমিকদের আন্দোলন বন্ধ রেখে শান্ত থাকার আহবান জানিয়েছেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস এর কেন্দ্রীয় সভাপতি কাউসার আহম্মেদ পলাশ। তৃতীয় কোন পক্ষ শ্রমিকদের উস্কে দিয়ে উত্তেজনা সৃষ্টি করে নিজেদের স্বার্থ আদায় করার অপচেষ্টা চালিয়েছে বলেও আলোচনায় বিষয়টি পরিস্কার উঠে আসে।
রোববার ৩০ জানুয়ারী বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা এ ত্রিপক্ষীয় আলোচনাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সেলিম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন, ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড এর মালিক আসলাম সানি, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার আহম্মেদ পলাশ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা।
