বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের পরিবেশ ক্ষমতাসীনদের পক্ষে রাখতে চায় বলেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিএনপির সেনা মোতায়েনের দাবি নাকচ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।
সেনা মোতায়েনের বিষয়টি অগ্রাহ্য করাকে ‘বিনা মেঘে বজ্রপাতের মতো’ মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কমিশন কি তাদের স্বীয় বৈশিষ্ট্য অনুযায়ী আগের নির্বাচনগুলোর মতো রক্তমাখা নির্বাচন করবে?’
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সিইসির বক্তব্যে নাসিক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে সারা দেশের মানুষ এই মুহূর্তে শঙ্কিত ও আতঙ্কিত। কমিশন আবারও আগামী নাসিক নির্বাচনকে অরাজকতার গর্তে ফেলে দিচ্ছে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, ‘বশংবদ নির্বাচন কমিশন নির্বাচনী আইনকানুন, শান্তি, স্থিতি, জনআস্থার মহাসড়কে থাকতে চায় না। কারণ এই সমস্ত বিষয় ক্ষমতাসীনরা পছন্দ করে না। কারণ এই বিষয়গুলো সুষ্ঠু নির্বাচনের জন্য।’
নাসিক নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও এখনো ভয়ভীতিমুক্ত হতে পারেনি দাবি করে বিএনপির এই নেতা বলেন, এমনিতেই সন্ত্রাসকবলিত নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে, তার ওপর আসন্ন নাসিক নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের এখনো কোনো নির্দেশ নেই। অস্ত্রবাজদের অস্ত্র ঝনঝনানির আশঙ্কায় ভোটারদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।
তিনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বৈধ অস্ত্র জমা নেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিধান থাকলেও এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। অন্যদিকে সন্ত্রাসের অভয়ারণ্যখ্যাত নারায়ণগঞ্জে শাসক দলের ভাড়াটিয়া গুণ্ডাদের আনাগোনা বেড়ে গেছে।’
রিজভী বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থেকে শুরু করে স্থানীয় এমপি এমনকি গণভবনে সভা করে সরকার প্রধানও আচরণবিধি লঙ্ঘন করেছেন। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ।
‘স্থানীয় এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ভোটদানের আহ্বান জানিয়েছেন, যা ভোটারদের প্রভাবিত করছে। এটি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধ লঙ্ঘন। অথচ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের নিকট বিষয়টি নিয়ে বারবার অভিযোগ উত্থাপন করা হলেও তাদের নির্বিকার ভূমিকা জনসাধারণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে’ ,বলেন তিনি।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘জনদাবিকে সম্মান প্রদর্শন করে জনগণের মন থেকে ভীতির সকল কুয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
