বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন যাদুঘরে মোঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে ফাউন্ডেশনে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলে সরকারের কাছে এর বিচার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি উত্থাপন করেন সংগঠনের আহবায়ক কবি শাহেদ কায়েস।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘরে মোঘল সম্রাট ঈশা খাঁ নির্মিত ৫০০ বছরের প্রাচীন ঐতিহাসিক বড় সরদার বাড়িতে শ্যুটিংয়ের জন্য সম্প্রতি কোক স্টুডিও’র কাছে বানিজ্যিকভাবে ভাড়া দেয়া হয়। তবে শ্যুটিং শেষে স্টুডিও কতৃপক্ষ তাদের অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেয়ার সময় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি স্থান ভেঙ্গে পড়ে এবং ভবনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। দেশের পর্যটন শিল্পের অন্যতম প্রত্মতাত্ত্বিক সম্পদের এই ক্ষতি অপূরণীয় বকে মনে করেন তারা। অনতিবলম্বে সংস্কার করা না হলে ভবনটি আরও ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকার কথা জানান সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা। তাই যতো দ্রুত সম্ভব ঘটনার তদন্তসহ ক্ষতিগ্রস্থ সরদার বাড়ির ভাঙ্গা অংশগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করে পূর্বের নকশার ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোড় দাবি জানান সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদীন প্রতিষ্ঠিত লোক কারু শিল্প ফাউন্ডেশনে চারু কারু শিল্পীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগ তুলে তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

