বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবা মো. মহসিন (৪০)’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় আনিছুর রহমানের ভাড়া বাসায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে, প্রায় এক মাস ধরে সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। সর্বশেষ গত ২০ আগস্ট ফাঁকা বাসায় কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কিশোরীর মা কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করেন মহসিন। এর আগেও প্রায় এক মাস ধরে বিভিন্ন সময় বাসা ফাঁকা পেলে তিনি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতেন বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি কিশোরী তার মায়ের এক বান্ধবী মুক্তা আক্তারকে জানালে মুক্তা আক্তার ফোনে বিষয়টি কিশোরীর দত্তক মা আকলিমা আক্তারকে জানান। খবর পেয়ে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নিমাইকাশারীর ওই বাসায় যান। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর দত্তক ভাই মো. নাঈম মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

