বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের পক্ষ থেকে বন্দর থানা পুলিশকে দুটি নতুন পিকআপ ভ্যান দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, পুলিশি টহল জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বন্দর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যান দুটির চাবি পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংসদ সদস্যের নির্দেশনায় আলহাজ্ব আবুল কাউসার আশা আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটির চাবি বন্দর থানা পুলিশের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এ সময় আলহাজ্ব আবুল কাউসার আশা বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। বন্দর থানা পুলিশের যানবাহন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে তঁার নিজস্ব উদ্যোগে দুটি নতুন পিকআপ ভ্যান দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নতুন দুটি গাড়ি পুলিশের বহরে যুক্ত হওয়ায় বন্দর থানার বিভিন্ন এলাকায় টহল ও তদারকি কার্যক্রম আরও গতিশীল হবে। জরুরি প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দেওয়াও সহজ হবে।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “বন্দর থানা পুলিশের জন্য দুটি পিকআপ ভ্যান দেওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে যানবাহনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন দুটি গাড়ি যুক্ত হওয়ায় বন্দর থানার টহল কার্যক্রম, জরুরি সেবা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “বিশেষ করে প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই যানবাহনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। নতুন এই যানবাহনগুলো যথাযথভাবে ব্যবহার করে বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে।”
সংশ্লিষ্টরা জানান, পিকআপ ভ্যান দুটি বন্দর থানার নিয়মিত টহল, জরুরি অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হবে। নতুন যানবাহন যুক্ত হওয়ায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি বন্দর এলাকার সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

